করোনা সংক্রমন রোধে ফের দুই সপ্তাহের জন্য সাজেকসহ পার্বত্য জেলা রাঙামাটির সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে আরো বেশ কিছু নির্দেশনা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
বুধবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কোভিড সংক্রমনে করণীয় নির্ধারনে’ আয়োজিত এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দুই সপ্তাহের জন্য অন্তর্বতীকালিন এই সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বলেও আভাস দেয়া হয়।
একইসাথে এই সভায় প্রতিদিন রাত আটটায় জেলার সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট বন্ধ, গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন,হোটেল মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান,আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়”।
সভায় সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি,গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
