আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জেলার দশ উপজেলার ৪১টি পুজো মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবারের পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি মণ্ডপে দেড় টন করে খাদ্যশস্য অনুদান দেয়া হয়েছে। বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এই অনুদান প্রদান ক রা হয় ।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এতে বক্তব্য রাখেন পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী। এসময় জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, বিপুল ত্রিপুরা, বাদল চন্দ্র দে, প্রিয়নন্দ চাকমা, ঝর্ণা খীসা, আসমা বেগম, দীপ্তিময় তালুকদার, অংসুইছাইন চৌধুরী, সবির কুমার চাকমা, নিউচিং মারমা, আব্দুর রহিম, রেমলিয়ানা পাংখোয়া ও রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংসুইপ্রু চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব সরকার। সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে চলেছে। সরকার প্রতিটি ম-পে শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে।’
অনুষ্ঠানে শেষে জেলার ১০টি উপজেলার ৪১টি পুজো মণ্ডপের প্রতিনিধিদের হাতে ১.৫ টন করে খাদ্যশস্য (ডিও) অনুদান হিসেবে তুলে দেয়া হয়।
