নিজস্ব প্রতিবেদক॥
রাঙামাটি জেলায় ৮১ হাজার ৬৭৬জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশের মত রাঙামাটিতেও আগামী ২০ফেব্রুয়ারি থেকে এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন ডা. বিপাস খীসা। বুধবার সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়।
ওরিয়েন্টেশনে জানানো হয়, রাঙামাটি জেলার ১হাজার ২শত ১৮কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৬ থেকে ১২ মাস বয়সী ৯হাজার ২শত ৫১জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ বয়সী ৭২হাজার ৪শত ২৫জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রতিটি ওয়ার্ডে ৮টি কেন্দ্র খোলা হবে এবং ২হাজার ৫শত ৪৪জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এসময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্রয়োজনীয়তা ও সারাদেশের চিত্র তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. আবু ফয়সাল ছোটন। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইন বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়।
