পার্বত্য জেলা রাঙামাটিতে এখন অবধি হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৫১ জনকে। এদের মধ্যে ৪১ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ১১০ জন। প্রতিদিনই দুইচারজন করে মানুষের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হচ্ছে। এরা সবাই বিদেশ ফেরত কিংবা তাদের স্বজন। তবে পার্বত্য এই জেলায় এখনো কোন করোনা ভাইরাসের রোগি বা রোগের লক্ষন পাওয়া যায়নি।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের হিসেব অনুসারে, গত ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত পাসপোর্টে এই জেলার ঠিকানা ব্যবহার করছেন, এমন ২৪৪ জন বিদেশ থেকে এসেছেন।
হোম কোয়ারেন্টিনে থাকাদের সবাই প্রশাসনের নজরদারিতে আছে বলে জানিয়ে রাঙামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ জানিয়েছেন, আমরা প্রতিমুহুর্তের খবরাখবর রাখছি। চেষ্টা করছি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রনের। এখন জেলার সব মানুষই মোটামুটি ঘরের ভেতরে ঢুকে গেছেন। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
