জিয়াউল জিয়া
সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও শুরু হতে হয়েছে করোনা ভাইরাসের চতুর্থ ডোজের টিকাদান। বুধবার সকালে রাঙামাটির সদর হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়। তবে এতে সাধারণ মানুষের আগ্রহ তেমন একটা চোখে পড়েনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথম ধাপে দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের টিকা পাবেন পাঁচ শ্রেণির মানুষ। চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ৬০ বছর এবং এর বেশি বয়সী ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর এবং এর বেশি বয়সী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী, গর্ভবতী নারী এবং দুগ্ধদানকারী মাকে টিকা দেওয়া হবে।
রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, চতুর্থ ডোজের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শুরুতে সবাই চতুর্থ ডোজের টিকা পাচ্ছেন না। তবে যারা এখনো তৃতীয় ডোজ নেননি তারাও টিকা নিতে পারবেন।
সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা যায়, রাঙামাটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রথম ডোজ দিয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৮২, দ্বিতীয় ডোজ ৪ লাখ ৬৮ হাজার ৩০৪, তৃতীয় ডোজ ২ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।
