শুভ্র মিশু ॥
রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান এই অভিযানে বিভিন্ন দোকান পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৪ প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়।
শহরের লেকার্স রোড, ট্রাক টার্মিনাল, ফিশারি ঘাট ও বনরূপা বাজারে পরিচালিত তদারকি কার্যক্রমে ৪ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৬ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় ও চকোলেট ধ্বংস করা হয়।
লেকার্স রোডের ইত্যাদি স্টোরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ছাপা সংবাদপত্র ব্যবহার করে সংরক্ষণ করায় দুই হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
ট্রাক টার্মিনালের ভাতঘরকে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় তিন হাজার টাকা জরিমানা করে বর্ণিত কোমলপানীয় ধ্বংস করা হয়।
শান্তিনগর, ফিশারি ঘাটের আল মদিনা ভাতঘরকে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বনরূপা বাজারের মাস্টারশেফ রেস্টুরেন্টকে কাঁচা মাছ-মাংসের সাথে অর্ধরান্না খাবার ও চিজ (পনির) সংরক্ষণ করায় আট হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এসময় বাজারের ব্যবসায়ীবৃন্দকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। প্রতারিত হলে ভোক্তাসাধারণকে অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ দিতে অনুরোধ করা হয়।
রাঙামাটি জেলা (অতিরিক্ত দায়িত্ব) ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও সহায়তা করেন রাঙামাটি সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোছাম্মৎ নাছিমা আকতার খানম এবং রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের একটি টিম।
