নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে রাঙামাটিতে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও শান্তি চুক্তির দুই যুগপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের মারী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মো: ইফতেকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন।
অনুষ্ঠানের শুরুতে বিজয়ের ৫০ বছর উপলক্ষে ৫০ টি ফানুস উড়িয়ে ও বর্ণিল আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উদ্বোধনী ভাষণে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, মুজিব শতবর্ষ, বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও শান্তি চুক্তির দুই যুগপূর্তি উপলক্ষে এ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে আরো সমৃদ্ধশালী করার পাশাপাশি এ অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো মজবুত করবে।
রাঙামাটির সংস্কৃতি তুলে ধরেন স্থানীয় শিল্পীরা পাশাপাশি ঢাকা থেকে আগত শিল্পীদের গান মাতিয়ে রাখে পুরো স্টেডিয়াম এলাকা।
