সম্প্রতি ঢাকা ও সিরাজগঞ্জ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোট কারচুপি ও বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাঙামাটিতে সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার রাঙামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি জসিম উদ্দীন খোকনের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু) জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, সাইফুল ইসলাম পনিরসহ অন্যান্য নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এতো বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ ওপর জনগণের ওপর বিশ্বাস নেই, তাই উপ-নির্বাচনেও ভোট চুরি করেছে। ভোটের দিন বিএনপি সমর্থকদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি আওয়ামীলীগের সন্ত্রাসীরা। এই সস্ত্রাসীরাই বাসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে।
বক্তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা আর মামলা, হামলা ও গুমকে ভয় পায় না, আগামীতে রাজপথে গণ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে।
