নিজস্ব প্রতিবেদক॥
রাঙামাটিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক নেতৃবৃন্দ ও সুধীজনদের নিয়ে ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বরং বাস্তবতা। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ আজ অনেকদুর এগিয়ে গেছে। সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামেও তথ্য প্রযুক্তির সেবার মান বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। মতবিনিময় সভার আগে বিটিআরসির সেবাসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদারসহ জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা, কলেজের অধ্যক্ষগন, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
