জিয়াউল জিয়া
জাতীয় দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে ‘উস্কানি’র অভিযোগ এনে রাঙামাটিতে পত্রিকাটির কিছু কপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। রবিবার দুপুরে শহরের বনরূপা এলাকায় সংগঠনটি এই কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবীব আজমসহ আরও বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবীব আজম বলেন,‘ দৈনিক প্রথম আলো পত্রিকা পাহাড়কে অশান্ত করার পাঁয়তারা করছে উস্কানিমূলক সংবাদ প্রচারের মাধ্যমে। এই পত্রিকাটি সবসময় একটি পক্ষের হয়ে কথা বলে থাকে। পাহাড়ে নিরীহ বাঙালিদের উপেক্ষা করে সংবাদ প্রচার করে আসছে। এই পত্রিকাটি এভাবে যদি সংবাদ প্রচার করতে থাকে তাহলে পার্বত্য এলাকায় পত্রিকা প্রবেশ করতে দেয়া হবে না। সংবাদপত্র নিরপেক্ষতার সাথে কাজ করুক এমনটাই চাই আমরা। পাহাড়ের বাস্তবতা সংবাদের মাধ্যমে তুলে ধরা হোক।’
তিনি ‘উস্কানীমূলক ও পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা’ পরিহার করে ‘নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা’করার অনুরোধ করেন।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর প্রথম আলোর সম্পাদকীয়তে ‘পার্বত্য ভূমি কমিশন- দ্রুত আবার বৈঠক ডাকা হোক’ ছাপানো হয়। এর পরই এই প্রতিক্রিয়া দেখালো বাঙালভিত্তিক এই ছাত্র সংগঠনটি। এর আগেও বিভিন্ন সময় দৈনিকটির বিরুদ্ধে একই ধরণের অভিযোগে সম্পাদকের কুশপুত্তলিকা দাহ,মিছিল সমাবেশ করার কর্মসূচী পালন করেছে পাহাড়ে, বাঙালীদের বিভিন্ন সংগঠন। বরাবরই পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে পত্রিকাটির সম্পাদকীয় নীতির বিরোধীতা করে আসছে সংগঠনগুলো।
এর আগে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পূর্ব নির্ধারিত সভা বাতিল ও সাত দফা দাবিতে গত ৬ ও ৭ সেপ্টেম্বর রাঙামাটি শহরে ৩২ ঘন্টার হরতাল পালন শুরু করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। হরতাল শুরুর পর সভা স্থগিতের ঘোষণা আসলে,৯ ঘন্টা পর হরতালও স্থগিত করে তারা। বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী মুজিবুর রহমানকে চেয়ারম্যান ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবিরকে মহাসচিব করে গঠিত এই সংগঠনটি সাম্প্রতিক সময়ে পাহাড়ে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। এদেরই ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
