‘প্রগতিশীল সমাজের ওপর হামলা করে এদেশের প্রগতিশীল শক্তিকে রুদ্ধ করা যাবে না। অধ্যাপক হুমায়ুন আজাদ, অভিজিৎ রায়সহ সকল বুদ্ধিজীবী মুক্তমনা ব্লগার ও মুক্ত চিন্তার মানুষদের হত্যাকান্ডের বিচার না হওয়াতে এদেশে এখনো উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এসব হামলা চালিয়ে যাচ্ছে। মৌলবাদীদের সাথে আঁতাত করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা যায় না।’
শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারী ও হামলার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন প্রগতিশীল নাগরিক সমাজের নেতারা।
তারা বলেন, বাংলাদেশ আজ বিচারহীনতার সংস্কৃতিতে ভূগছে। বার বার প্রগতিশীল যুক্তিবাদী লেখকদের ওপর তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষরাও আজ নিরাপদ নয়। এদেরকে কঠোর হাতে দমন করতে হবে। অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় পুরো জাতি আজ লজ্জিত। এমন ন্যাক্কারজনক হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৈৗমত্বের ওপর হামলার স্বরূপ।
গণজাগরণ মঞ্চের রাঙামাটি জেলার সংগঠক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সংগঠক কলিন চাকমা, উন্নয়নকর্মী ললিত সি. চাকমা, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিশু দে, ছাত্রফ্রন্ট রাঙামাটি শহর শাখার আহবায়ক মধু লাল তঞ্চঙ্গ্যা প্রমুখ।
