নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা শহরের তবলছড়িস্থ বিয়াম ল্যাবরোটারি স্কুলে ‘পজিটিভ প্যারেন্টিং’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১০টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বেছিলো বিয়াম ল্যাবরোটারি স্কুল ও প্রো-বেটার লাইফ (পিবিএল) বাংলাদেশ (প্রা.) লিমিটেড।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন, বিশেষ অতিথি ছিলেন প্রো-বেটার লাইফ বাংলাদেশের ব্যবস্থাপক পরিচালক অশোক কুমার চাকমা, সংস্থাটির কিউ-বিদ্যার পরিচালক ডা. ঝুমালিয়া চাকমা ও আব্দুল কাদের। সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।
জানা গেছে, আধুনিকতার সঙ্গে ভারসাম্য রেখে সন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে মূলত এ কার্যক্রম। প্রাচীন গৎবাধা ধারণার বাহিরে গিয়ে আধুনিক শিক্ষায় অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করাই ছিল সেমিনারের উদ্দেশ্য। ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে ‘পজিটিভ প্যারেন্টিং’ বিষয়ে মূল বক্তব্য রাখেন মিরাজুল হক। সেমিনার পরিচালনা করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভাইস-প্রিন্সিপাল পারভেজ সুমন।
সেমিনারে কিউ-বিদ্যার পরিচালক আব্দুল কাদের জানান, পজিটিভ প্যারেন্টিং এর উপর আধুনিক পদ্ধতির সঙ্গে অভিভাবকদের পরিচয় করিয়ে দেয়া এ সেমিনারের উদ্দেশ্য। সামনে রাঙামাটির অন্যান্য শিক্ষাপ্রকিষ্ঠানে এ সেমিনার করে বড় আকারে একটি প্রশিক্ষন আয়োজন করতে আমাদের প্রচেষ্টা রয়েছে।
