নিজস্ব প্রতিবেদক ॥
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুল আলী মঞ্চে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধ সংসদের জেলা ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরীসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
এসময় বক্তারা বলেন, দেশ মাতৃকার স্বাধিকারের লড়াইয়ে সেইদিন বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি হানাদেরদের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে এনেছিল। পৃথিবীর বুকে লাল সবুজের একটি দেশ ঠাঁই করে নিয়েছিল লাখো শহীদের রক্তে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আর আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেইদিনের শহীদদের রক্ত ও বীর মুক্তিযোদ্ধাদের লড়াই আজ বৃথা যায়নি। বক্তারা স্বাধীনতা চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে দেশের অগ্রগতি শামিল হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ৭৫ বীর মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
