রাঙামাটিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বস্ত্র বিতরণ করেছে রাঙামাটি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। বৃহস্পতিবার সকালে রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দিরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত।
এই সময় বক্ত্যরা বলেন, অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এই বছর করোনা ভাইরাসের কারণে আমরা জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা পালন করতে পারিনি। আশারাখি সামনের বছর করোনা ভাইরাসকে জয় করে আমরা পূর্বের মতো জন্মাষ্টমী পালন করতে পারবো।
এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, রাঙামাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন মহাজন, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক খোকন কান্তি দে, গীতাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, সমাজ সেবক অমলেন্দু হাওলাদার প্রমুখ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় রাঙামাটি শহরের বিভিন্ন মন্দিরের পুরোহিত ও শতাধিক হত দরিদ্র নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
