শুভ্র মিশু ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে রাঙামাটিতে গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের বনরূপাস্থ জনতা ব্যাংক কার্যালয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেড চট্টগ্রাম জোনের উপ-মহাব্যবস্থাপক শ্যামল বিশ্বাস।
তিনি বলেন, এই বছর জাতির পিতা ও তার পরিবারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড কোভিড-১৯ করোনা ভাইরাসে কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। আজকের ত্রাণ বিতরণই শেষ না, এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র(২) কালায়ন চাকমা, জনতা ব্যাংক লিমিটেড চট্টগ্রাম জোনের প্রিন্সিপাল অফিসার এস এম নাসির উদ্দিন, প্রিন্সিপাল অফিসার আহসান উদ্দিন চৌধুরী, রাঙামাটি শাখার ব্যবস্থাপক অতীশ চাকমাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।
প্রথম দফায় রাঙামাটিতে ২০জনকে ত্রাণ দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ৫কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি লবণ ও সাবান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং ব্যাংকের সামনে বৃক্ষ রোপণ করা হয়।
