ইয়াছিন রানা সোহেল ॥
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতা চট্টগ্রাম বিভাগে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে অর্থনৈতিক, শিক্ষা, চাকুরী, সমাজ উন্নয়ন, সফল জননী হিসাবে সাফল্য অসামান্য অবদান রাখা এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য ৫জন শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. ফেরদৌস ইসলাম, রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা আক্তারসহ পদস্থ কর্মকর্তারা।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। আর নারী পুরুষ সবাই মিলে মিশে কাজ করলে দেশ অনেক এগিয়ে যাবে। নারী উন্নয়নে সমাজের মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও নারী শিক্ষার হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক আরো বলেন, নারীর ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নকে ত্বরান্বিত করে তা বড় আকারে ছড়িয়ে দিতে হবে। তবেই দেশ ও জাতি আরো অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আর যারা আজ এই সম্মাননা পাচ্ছেন তাদের দেখে অন্যারাও অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাবে।
পরে জেলার বিভিন্ন উপজেলা থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হলেন লংগদুর রিপা চাকমা, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কাউখালীর চন্দ্রা দেওয়ান, সফল জননী সাফল্য অর্জনকারী নারী কাপ্তাইয়ের নুরজাহান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী নানিয়ারচরের ফাহিমা আক্তার আর সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়েছেন বিলাইছড়ি’র নিরোদা বালা চাকমা। এই পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননার উত্তরীয় ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
