নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা যুব ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মিল্টন বিশ্বাস সভাপতি, সান্টু দেব সাধারণ সম্পাদক এবং সোহেল সাহা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির হলরুমে সংগঠনের সপ্তম জেলা কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন এ কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন পঞ্চু দাশগুপ্ত, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শংকর কুমার দে, অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফারাজানা পিংকী, দপ্তর সম্পাদক দেবু দাশ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুখেন্দু চাকমা, সাংস্কৃতিক সম্পাদক আশীষ দেব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন দাশ। সদস্য হিসেবে আছেন বিদায়ী সভাপতি এম জিসান বখতেয়ার, বিজয় ধর, বিপ্লব পাল, অয়ন চক্রবর্তী, অজিত বড়ুয়া, রবিন চাকমা, মো. আজিজুল ইসলাম, মহিউদ্দিন মহিম, প্রনব চাকমা ও অন্তু শীল।

এর আগে সোমবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ারের সভাপতিত্বে অতিথি ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সমীর কান্তি দে, কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য শিশির চক্রবর্তী, রিপায়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা সিপিবি সম্পাদকম-লীর সদস্য আশীষ দাশগুপ্ত, জেলা উদীচীর কোষাধ্যক্ষ সুজন বড়ুয়া, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত রনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশে অনেকগুলো যুব সংগঠন থাকলেও কেউই যুবদের অধিকার, গণমানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে না, কথা বলে না। কিন্তু নিজেদের দেশের সবচেয়ে বড় যুব সংগঠন হিসেবে দাবি করে। বাংলাদেশ যুব ইউনিয়ন চাকুরিতে ঘুষ বাণিজ্য বন্ধ, বেকার ভাতা চালুসহ যুবাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।
কেন্দ্রীয় যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘সরকার দলীয় যুব সংগঠন যুবলীগ বলেন আর যুবদল বলেন এরা কখনোই মানুষের জন্য, যুবদের কিছুই করেনি। এরা যুগে যুগে সরকারের; দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে এখনো তাই হচ্ছে। এরা যুব সংগঠনের নামে লাঠিয়াল বাহিনী।’
