‘পয়ঃবর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌরসভার আয়োজনে এবং তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পৌরসভা চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে কাউন্সিলর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মহিলা কাউন্সিলর জুবাইতুল নাহার জেবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌরসভার স্যানিটেশন অফিসার ফিরোজ আল মাহমুদ। এসময় পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি হচ্ছে সুন্দরতম একটি নগরী। এখানে দেশ-বিদেশ থেকে শত শত লোক বেড়াতে আসে। সেজন্যে এ শহরকে সুন্দর পরিপাটি করে রাখার দায়িত্ব আমাদের সকলের।
কাপ্তাই হ্রদে স্যানিটেশন লাইন সংযোগ করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কাপ্তাই হ্রদ নষ্ট করার জন্য স্যানিটেশন লাইন হ্রদের নিচে সংযোগ করা একটি বড় কারণ। কাপ্তাই হ্রদের সৌন্দর্য রক্ষার জন্য তিনি সকলকে কাপ্তাই হ্রদে স্যানিটেশনের সংযোগ না দেওয়ার আহ্বান জানান।
