নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভাগীয় সমাবেশে পার্বত্য জেলা রাঙামাটি থেকে অন্তত ৪ হাজার নেতাকর্মী অংশ নিয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলা শাকিল।

পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে শাকিল জানিয়েছেন, রাঙামাটির দশটি উপজেলাসহ সবগুলো সাংগঠনিক ইউনিটের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা কমবেশি এই সমাবেশে যোগ দিয়েছেন। সরকারের নানা বাধা এড়াতে নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে না গিয়ে বিচ্ছিন্নভাবে সমাবেশে যোগ দিতে ঘর ছেড়েছেন।

শাকিল বলছেন, গণপরিবহনের পাশাপাশি টেক্সি,মাইক্রো,হাইচ,কারসহ বিভিন্ন বাহনে করে পার্বত্য এই জেলার বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,মহিলাদল,স্বেচ্ছাসেবক দল,জাসাসসহ সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়ে এই সরকারের দু:শাসনের অবসানের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
তিনি অভিযোগ করেন,সমাবেশে যাওয়ার পথে রাণীরহাট,কাপ্তাইয়ের সরফভাটা এলাকায় সরকার দলীয় নেতাকর্মীরা তাদের সমাবেশগামি গাড়িতে হামলা,মারধর ও ভাংচুর করেছে। এতে বেশ কিছু নেতাকর্মী আহত ও কেউ কেউ ফিরে যেতে বাধ্য হয়েছেন।’
বিএনপির নেতারা জানিয়েছেন, তাদের নেতাকর্মীদের বড় অংশটিই আগের রাতে ও ভোররাতে চট্টগ্রামে চলে গেছেন,বাধা এড়াতে। অনেককেই দেখা গেছে,আগেরদিন রাতেই সমাবেশ স্থলে পৌঁছে সেখানকার ছবি দিতে। কেউ কেউ যানবাহনে যাওয়ার সময়কার ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পলোগ্রাউন্ডের সমাবেশে বক্তব্য রেখেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। সেখানে তিনি বলেছেন, ‘ আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি। স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের পতনের ডাক এই চট্টগ্রামের মাটি থেকে দেয়ার অনুরোধ করছি।’
