বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে বিমামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন।
এসময় আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাপদক সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা জাসাস সভাপতি আবুল হোসেন বালী, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরসহ জাসাস চট্টগ্রাম মহানগর, রাঙামাটি জেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চক্ষুশিবিরে বিনামূল্যে প্রায় দেড়শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে আজ একদলীয় শাসন বিরাজ করছে। মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। সরকার গুম হামলা-মামলা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিলুপ্ত করার পায়তারা করছে। এ সকল অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। সরকার যতই নিপীড়ন চালাক তারা; কিন্তু বাংলার মাটি থেকে জাতীয়তাবদী শক্তিকে মুছে ফেলতে পারবে না।
