সাইফুল বিন হাসান ॥
রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হলেন তুষার কান্তি বড়ুয়া। গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র’র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১৩ তম বিসিএস অংশগ্রহণ করে প্রফেসর তুষার কান্তি বড়ুয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। রাঙামাটির পূর্বে তিনি চট্টগ্রাম কলেজে পরিসংখ্যান বিভাগ বিভাগীয় প্রধান পদে দায়িত্বরত ছিলেন। পরে তিনি গত ২০১৮ সালের ১৮ নভেম্বর রাঙামাটি সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে বদলি হন। দীর্ঘ দুই বছর এ পদে অত্র কলেজে দায়িত্ব পালনের পরে তিনি অধ্যক্ষ পদে পদোন্নতি পান।
রাঙামাটি সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া জানান, আমি ২০১৬ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি হয়েছিলো, এখন অত্র কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছি। ইতিপূর্বে এ কলেজে আমি দীর্ঘ দুই বছর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি, তাই আমি কলেজ সম্পর্কে অনেক কিছুই অবগত। কলেজের বিভিন্ন বিভাগে যে শিক্ষক সংকট রয়েছে তা নিরসনে আমি কাজ করবো। এছাড়া করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন একাডেমিক কাজকর্ম সরাসরি বন্ধ, শুধু ভিডিওতে হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে একাডেমিক কর্মকান্ড সুষ্ঠুভাবে করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরও জানান, কলেজে স্থাপিত হওয়া একাডেমি ভবনের কাজ সম্পূর্ণ করা সহ অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে কাজ করে যাবো। তা ছাড়া কলেজে এখনো অনেক বিষয়ে মাস্টার্স নেই, মাস্টার্স চালুর বিষয়ে যা করার দরকার আমি সে বিষয়ে জোরালো কাজ করবো। কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে তিনি কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
