জিয়াউল জিয়া
রাঙামাটিতে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে রাঙামাটির গোয়েন্দা পুলিশ।
রবিবার বিকেলে শহরের রির্জাভ বাজার এলাকায় রবি’র ডিলার অফিসে এই অভিযান পরিচালনা করে রাঙামাটি ডিবি পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৫২ টি অবৈধভাবে রেজিস্ট্রার্ড সিম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে ম্যানেজার মোঃ নুর মোহাম্মদ (৩৬), অফিস স্টাফ মোঃ সজিব হোসেন (২০) ও শহিদুল ইসলামকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবি’র রাঙামাটির ডিলার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটি ডিবি’রর এসআই ও মামলার বাদি মোঃ আসাদউজ্জামান বলেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রি করে আসছে। যেসব সিম বিক্রি করে সেগুলো আগে থেকেই অন্য কোনও ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। অপরাধীরা এসব সিমকার্ড তাদের কাছ থেকে বেশি দামে কিনতো।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এসব সিম কিনে সন্ত্রাসীরা পাহাড়ে চাঁদাবাজি করছে, কক্সবাজার রোহিঙ্গা শিবির ও দেশের বিভিন্ন দুষ্কৃতকারী চক্র অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে কোতয়ালী থানায় বুঝিয়ে দেয়া হয়েছে। পুলিশ বাদি হয়ে এই ঘটনায় মামলা দায়ের করেছে এবং সোমবার এদের কোর্টে তোলা হবে ও রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
