বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের দেয়াল নির্মাণ কাজে রডের সঙ্গে বাঁশের কঞ্চি দেওয়ার ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। দুইবার ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন কমিটির সদস্যরা।
কেন ও কার নির্দেশে বাঁশের কঞ্চি দেয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা শেষে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) কমিটির প্রধান নুরুল আলম চৌধুরী। ঘটনার তদন্তে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো কলেজটিতে যান কমিটির সদস্যরা।
কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বড়ুয়া বলেন, তদন্ত কমিটির সদস্যরা তাদের কাছে ঘটনা সম্পর্কে জানতে চান।
নির্মাণ শ্রমিক আবু তাহের বলেন, কমিটিকে তারা রডের সঙ্গে বাঁশের কঞ্চি ব্যবহারের কথা জানিয়েছেন।
১৯ জুলাই বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয়তলার ড্রপ ওয়ালে রডের সঙ্গে বাঁশের কঞ্চি দেওয়া হচ্ছিল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওই কাজ বন্ধ করা হয়। বিষয়টি তদন্তে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
