কাপ্তাই প্রতিনিধি
যাত্রীবেশে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাই করতে যাওয়া মোটর সাইকেলও উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প এলাকায়।
চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে চন্দ্রঘোনা থানাধীন রাইখালী এলাকা থেকে আরাফাত ও আকাশের ভাড়ায় চালিত মোটর সাইকেলটি যাত্রী বেশে ভাড়া করে মোহিম চাকমা (২৮) ও মোঃ সাইফুল(১৯) দুজন ছিনতাইকারী। মোটর সাইকেলটি চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের মতিপাড়ার তালতলা নামক এলাকার রাঙামাটি-বান্দরবানগামী সড়ক সংলগ্ন খন্তাকাটা নতুন রাস্তার মুখে পৌঁছালে ছিনতাইকারীরা চালককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মোটর সাইকেলটি নিয়ে দ্রুত বাঙ্গালহালিয়ার দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে সাথে সাথে চন্দ্রঘোনা থানার এসআই সাইফুদ্দীনের নেতৃত্বে এসআই কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের সামনে থেকে দুই ছিনতাইকারীসহ মোটর সাইকেলটি আটক করতে সক্ষম হয়।
আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।
Previous Articleদীঘিনালায় চা-দোকানির মস্তকবিহীন লাশ
Next Article মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদ পানছড়িতে
