নিজস্ব প্রতিবেদক
ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছরে রাঙামাটিতে মৈত্রী দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটায় ওয়ান বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ওয়ান বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি টুকু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুনীল কান্তি দে, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অমলেন্দু হাওলাদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বর্ষা চাকমা। কর্মসূচির সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী।
এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
মৈত্রী সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের বন্ধুদেশ ভারত বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৭১। এই দিনটিকে স্মরণ করতে ‘ওয়ান বাংলাদেশ’ দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অনেক পুরোনো। ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অনেক সহযোগিতা করেছে। যার কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
