নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ব্যাপক আলোচিত নারী মনিকা আক্তারের বিপক্ষে অবস্থান নিয়ে মেয়রের পক্ষেই দাঁড়ালেন তারই সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন-“ পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী মনিকা আক্তারকে তাঁর স্বামীর সম্পত্তির হোল্ডিং না দেয়ায় পরিকল্পিতভাবে মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করছে।”
সোমবার সকালে রাঙামাটির এক রেস্টুরেন্টে মনিকা আক্তার ও রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরকে গ্রেফতারের দাবিতে এক সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান সেলিম দাবি করেন, তাঁর সাবেক স্ত্রী মনিকা আক্তার ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সাথে আপত্তিকর বিভিন্ন ভিডিও এবং অডি রেকর্ড পাওয়ার পর তাকে বুঝাতে গেলেও উল্টো সে স্বামীর বিরুদ্ধে চার লাখ টাকার মামলা দায়ের করেন। গত বছরের ২৯ জুলাই ছাত্রদলের সভাপতি সাব্বিরকে নিয়ে মনিকা আক্তার তাঁর স্বামীর ওপর হত্যার উদ্দেশে হামলা করে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে হত্যা মামলা দায়ের করে মোস্তাফিজুর রহমান। এরইমধ্যে মোস্তাফিজুর রহমান মনিকা আক্তারকে ডিভোর্স দেয়। এরপর থেকে মোস্তাফিজুর রহমানের সম্পত্তি আত্মসাতের জন্য তাঁর সাবেক স্ত্রী উঠে পড়ে লাগে।
সেলিম আরো অভিযোগ করেন, “ মনিকা আক্তার পৌর মেয়রকে চাপ দিয়ে তাঁর সম্পত্তি হোল্ডিং পরিবর্তনের চেষ্টা চালালেও মেয়র এতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে মনিকা মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি। একসময়ে মনিকা আক্তার ও তার প্রেমিক আবারো হামলার চেষ্টা চালায়। হামলার ভয়ে কৃষক লীগের এই নেতা গত চার মাস ধরে বাসা থেকে পালিয়ে আছেন বলে সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান তাঁর জীবন রক্ষার জন্য হত্যা মামলার আসামিদের গ্রেফতার করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু, এলাকার বাসিন্দা সাহেব আলী ও শ্যামল চৌধুরী।
প্রসঙ্গত, সম্প্রতি মনিকা আক্তার নামের এক নারী নিজেকে যুব মহিলা লীগের কর্মী ‘দাবি’ করে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে বেশ কিছু ‘অভিযোগ’ এনেছেন ঢাকা থেকে প্রকাশিত কিছু গণমাধ্যমে, এই সংক্রান্ত কিছু সংবাদও প্রকাশিত হয়। যার প্রতিবাদে এর আগে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছিলো রাঙামাটি জেলা যুবলীগ এবং রাঙামাটি পৌরসভার আট কাউন্সিলর।
একইসাথে মেয়রের পক্ষে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তারা তরুন মেয়রের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে অপপ্রচার’ চালানোর অভিযোগ তুলে দোষী নারীর বিচার দাবি করেছেন নিজেদের পোস্টে।
এরই মধ্যে শনিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনলাইন চ্যানেলে এক নারী সঞ্চালকের সাথে টকশো’তে হাজির হয়ে প্রথমবারের মত প্রকাশ্যে নানান অভিযোগ আনেন ওই নারী মনিকা আক্তার।
অভিযোগকারিনী মনিকা আক্তারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন বলে রবিবার পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি পুরো বিষয়টিকে ‘রাজনৈতিক প্রতিপক্ষের সহায়তায় নোংরা অপরাজনীতি’ বলে মন্তব্য করেছেন তিনি।
