গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৮) সোমবার রাত ১টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও সাত কন্যাসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৪২ সালের ১৫ ডিসেম্বর বরিশাল জেলার মেহেদীগঞ্জে জন্মগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় আনসার বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। সে সময় ৯ নাম্বার সেক্টরে সম্মুখ যোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এই বীর মুক্তিযোদ্ধা। এরপর ১৯৮০ সালে রাঙামাটির লংগদু উপজেলায় এসে বসবাস শুরু করেন। এখানেই নিবন্ধিত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাসহ যাবতীয় সরকারি সুবিধা গ্রহণ করেন তিনি।
সোমবার দুপুরে রাজনগর এলাকায় তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ নূর, ইউপি চেয়ারম্যান আবু নাছির, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, হযরত আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
