পার্বত্য জনপদের ঐতিহ্যবাহী মানিকছড়ি মংরাজ বাড়িতে পালিত হয়েছে ৬৩তম বুদ্ধ মেলা। রাজ প্রাসাদ সংলগ্ন রাজ জেতবন বুদ্ধ বিহার প্রাঙ্গণে শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠিত এ মেলায় পার্বত্যাঞ্চলসহ সমতলের হাজারো দর্শকের সমাগম ঘটে।
বুদ্ধ মেলা উদযাপন কমিটি ও মংরাজ পরিবারের ইতিহাস খুঁজে জানা গেছে, ১৯৫৪ সালে মংরাজা মম্প্রুসাইন বাহাদুরের শাসনামলে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সেংগুলি পাড়া নামক স্থান থেকে রাজা নিজ হাতে পঞ্চ বুদ্ধ নামে একটি মূর্তি এনে এখানে স্থাপন করেন। তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমাতে বুদ্ধ মেলা উদযাপন হয়ে আসছে। যার আজ ৬৩তম পর্ব। এ উপলক্ষে এ বছর মেলা প্রাঙ্গণে ব্যাপক আয়োজন করা হয়েছে। ভোর সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পূস্প পূজা, প্রদীপ পূজা, পঞ্চশীল গ্রহণ। সন্ধ্যায় ফানুস বাতি উড়িয়ে দিনব্যাপি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল। শুক্রবার(৩ নভেম্বর) সকাল থেকে বৌদ্ধধর্মালম্বী নারী-পুরুষ, ছেলে-মেয়ে ও শিশুরা দলে দলে মেলায় আসতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে রাঙামাটি,বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার থেকেও ভক্তরা মেলায় এসে সমবেত হয়েছে। দুপুরের পর মেলা জনসমুদ্রে পরিণত হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্নেল রোবায়েত মাহমুদ হাসিব রাব্বি মেলা দেখতে আসেন। অতিথিদের স্বাগত জানান, প্রয়াত মম্প্রুসাইন বাহাদুরের জামাতা রাজীব রায়সহ রাজ পরিবারের সদস্যরা।
এদিকে মেলাকে ঘিরে উদযাপন কমিটির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তালাত মাহমুদ জানান, ঐতিহ্যবাহী বুদ্ধ মেলায় তিন পার্বত্য জেলা ছাড়া দেশ-বিদেশের হাজারো দর্শক, ভক্ত এখানে অতীতে সমাগম হয়েছে। এ বছরও সে বিষয় সামনে রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
