ফ্রান্সের ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রদূতকে তলব ও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বয়কট এর দাবিতে খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ, মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে মানিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী মানববন্ধন। এতে আয়োজিত সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা দলে দলে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ, মানিকছড়ির উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে অংশ নিতে উপজেলার তৃণমূল থেকে কওমি মাদরাসার শতশত শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলা সদর আমতলা মহাসড়কে অবস্থান নেন। প্রায় অর্ধশত মাদরাসা, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্ব নবী হযরত মুহাম্মদ( স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বয়কটের আহব্বান সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে সকলে মানববন্ধনে অংশ নেয়। এ সময় ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহা মানব হযরত মুহাম্মদ(স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় তীব্র নিন্দা ও রাষ্ট্রদূতকে তলব করে এর আনুষ্ঠানিক প্রতিবাদসহ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহ্বান জানানোর জোর দাবি করা হয়।
কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ, মানিকছড়ির সভাপতি মাওলানা হাফেজ ফজলুল হক এর সভাপতিত্বে ও মাওলানা হাফেজ মো. বশির উদ্দীনের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ, মানিকছড়ির সাধারণ সম্পাদক মাও. মো. ইব্রাহিম খলিল আল ফরিদী, মাও. ফরিদ উদ্দীন, মাও. দিদারুল আলম কাসেমী, মাও. হাফেজ মো. নাছির উদ্দীন, মাও. মহিউদ্দীন বিন সুরুজ, মাও. খলিলুর রহমান প্রমুখ।
