মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে মাটিরাঙ্গা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোন সদরে হল রুমে আয়োজিত সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে মানবিক আর্থিক সহায়তা প্রধান কর্মসূচী উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার পাঁচ জন হতদরিদ্রদের মাঝে ১০ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা মানবিক আর্থিক সহায়তা প্রদান করেছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি। এ সময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন পিএসসিসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোনের দায়িত্বপুর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি বলেন, শান্তির এ ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পাহাড়ি বাঙালী নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাটিরাঙ্গার সাম্প্রায়িক সম্প্রীতি রক্ষায় স্ব-স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
