মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
চাল-ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতীকি অনশন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। প্রতীকী অনশনে, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খানের সভাপতিত্বে প্রতীকী অনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো: আবু ইউসুফ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম আযাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো: বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মো: শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মো: জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো: সাইফুল ইসলাম, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী হেলাল উদ্দিন ও বেলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আব্দুল সালাম বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, এ দেশে এখন বর্তমান সরকার লুটপাটের সা¤্রাজ্য চালাচ্ছে। দিন দিন দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেই খাদ্যপণ্য। দেশের মানুষ যদি না খেয়ে থাকে, তা হলে উন্নতিটা কীসের এমন প্রশ্ন রেখে তারা বলেন, সরকারি লোকজন সিন্ডিকেট করে দেশের মানুষকে জিম্মি করছে। বর্তমান অবৈধ সরকারের ক্ষমতায় টিকে থাকার সময় শেষ হয়ে এসেছে।
প্রতীকি অনশনের তিন ঘন্টা পরে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো: আবু ইউসুফ চৌধুরী নেতাকর্মীদের জুস পান করিয়ে অনশনের সমাপ্ত ঘোষণা করেন।
