মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ারকে সিলগালা করা হয়েছে। একই সময়ে তাজ মেডিকেল হলের মালিককে ১ লক্ষ টাকা ও মাটিরাঙ্গা ডেন্টাল কেয়ার’র মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট তৃলা দেব।
অভিযানকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা ও মাটিরাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযানকালে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার চেম্বার পরিচালনা করার দায়ে মাটিরাঙ্গা ডেন্টার কেয়ারের মালিক মো. ইউনুছকে ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ভ্রাম্যমান আদালতের সংবাদে পালিয়ে গেলে মাটিরাঙ্গায় জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ারকে সিলগালা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট তৃলা দেব।
এসময় ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং ল্যাব পরিচালনার অনুমতিপত্র না থাকায় তাজ মেডিকেল হল এর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, অনুমোদন বিহীন ল্যাব পরিচালনা এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার চেম্বার পরিচালনাসহ নামের পূর্বে ডেন্টিস্ট লেখায় অভিযান পরিচালনা করা হয়। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।
