ইয়াছিন রানা সোহেল
মধ্যরাতে রাঙামাটি শহরের রাজবাড়ি স মিলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। তবে স’মিল কর্মীদের তাৎক্ষনিক চেষ্টা আর ফায়ারসার্ভিস কর্মীদের তৎপরতায় দ্রুতই নিভানো সম্ভব হয় আগুন।
রাজবাড়ি স’মিলের দারোয়ান সাইফুল জানান, রাতে পাহারারত অবস্থায় একজন লোক বোট নিয়ে স’মিলের ঘাটে আসে। কি কাজে এসেছে জিজ্ঞেস করলে সে জানায়, বোটে ওয়েল্ডিং এর কাজ করাবে। এজন্য লোকজন আসতেছে। একটু পরে রাজবাড়ির দিক থেকে আরো ৫/৬জন অস্ত্রসহ এসে স মিলের শ্রমিক সিংহ চাকমাকে অস্ত্র ঠেকিয়ে গাছের স্তুপের দিকে কিছু একটা ছুঁড়ে মারে। সাথে সাথে বিকট শব্দে আগুন ধরে যায়।
স’মিলের শ্রমিক সিংহ চাকমা জানান, দারোয়ান সাইফুলের সাথে কথা বলছিল এক লোক। এসময় ঘর থেকে আমি বের হলে দেখি একজন এসে আমাকে অস্ত্র ঠেকায়। তারা গাছের স্তুপের দিকে কি একটা যেন ছুঁড়ে মারে। সাথে সাথে বিকট শব্দে আগুন লেগে যায়। আগুন দেখে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পাবলিক হেলথের দিকে পালিয়ে যায়। তারা সংখ্যায় ৫/৬জন এবং প্রত্যেকের হাতে অস্ত্র ছিল বলে দারোয়ান সাইফুল ও শ্রমিক সিংহ চাকমা জানিয়েছেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, কে বা কারা এসে স’মিলে আগুন দেয়ার চেষ্টা করেছে। সবে মাত্র আগুন জ্বলে উঠেছিল, সেখানে থাকা লোকজন পানি দিয়ে নিভিয়ে ফেলেছে,কোন কাঠ পুড়েনি। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভে যায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে । দুপুরে ট্রাকে গুলিবর্ষনের ঘটনার সাথে এই ঘটনার কোন সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
