খাগড়াছড়ির রামগড় উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বাসা থেকে শনিবার রাত ১০টার দিকে মো. ইব্রাহিম (৩৫) নামের ওই যুবককে আটক করা হয় বলে রামগড় থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান জানান।
নিহত ৬০ বছর বয়সী রুমা বেগম ওই এলাকার আব্দুল জলিলের স্ত্রী ছিলেন।
ওসি বলেন, বৃহস্পতিবার বকাঝকা করে ইব্রাহিমকে তার মা ঘর থেকে বের করে দেয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইব্রাহিম বাড়িতে ফিরে আবার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে। ঘটনার সময়ে কেউ বাড়িতে ছিলেন না। এক পর্যায়ে ইব্রাহিম তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে রুমা বেগমের নাক, মুখ ও মাথা থেঁতলে যায়।
অতিরিক্ত রক্তক্ষরণে রুমা বেগমের মৃত্যু হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, খবর পেয়ে তারা অবস্থায় ইব্রাহিমকে আটক করেন।এ সময়য়ে তার পরনের পোশাকে রক্তমাখা ছিল।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।”
লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
