খাগড়াছড়ি প্রতিনিধি ॥
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাদের সাধারণ পদ থেকে বহিষ্কারের জন্য দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে সুপারিশ করেছে উপজেলা আওয়ামীলীগ।
রবিবার মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা যায়।
পৃথক দুটি চিঠিতে বলা হয়, আসন্ন নির্বাচনে মহালছড়ি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে রতন কুমার শীল ও মাইসছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. গিয়াস উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তবে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি সাজাই মারমা ও যুগ্ম সাধারণ সম্পাদক লাব্রেচাই মারমা দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচন প্রচারণা চালাচ্ছেন।
তাই দলটির গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মতে প্রস্তাবিত কমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই ধারা মতে তাদের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে প্রেরণ করা হয়।
