রাঙামাটির নানিযারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের হাতিমারা মুখ এলাকা থেকে উপজেলার বিভিন্ন গ্রামের গ্রামপ্রধানসহ ১৬ জন গ্রামবাসীকে অপহরণের প্রতিবাদে সোমবার (৯ জুলাই) নানিয়ারচরের ঘিলাছড়িতে ঘন্টাব্যাপি মানববন্ধন ও মঙ্গলবার (১০ জুলাই) নানিয়ারচর উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি নামের ইউপিডিএফ এর সহযোগি একটি সংগঠন।
রোববার বিকালে ‘নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি’র সদস্য সচিব পরাণধন চাকমার সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে প্রতিরোধ কমিটির আহ্বায়ক জ্যোতি লাল চাকমা অপহরণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অপহরণের প্রতিবাদে ঘোষিত মানববন্ধন ও অবরোধ কর্মসূচি সফল করতে এলাকাবাসীর কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দিন দুপুরে গণহারে ১৬ জন গ্রামবাসীকে অপহরণের পরও প্রশাসনের কোনও তৎপরতা দেখা যাচ্ছে না।’
তিনি অভিযোগ করেন, ‘অপহরণকারী সন্ত্রাসীরা নানিয়ারচর সদরে প্রশাসনের নাকের ডগায় অবস্থান করলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেয়া হচ্ছে না।’
ইউনাইঢেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অভিযোগ, ‘রাঙামাটির নানিয়ারচরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে ইঞ্জিনচালিত বোটযোগে কাঁচামালসহ বিভিন্ন গ্রামের লোকজন কুতুকছড়ি বাজারে যাওয়ার সময় অস্ত্রের মুখে ২৫ জন গ্রামবাসীকে সংস্কারবাদী (জেএসএস-এমএন লারমা) ও নব্য মুখোশদের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসীরা হাতিমারা মুখের টিলায় তাদেরকে আটকায়। পরে সেখান থেকে ৯ জনকে ছেড়ে দিয়ে বাকী ১৬ জনকে অপহরণ করে উপজেলার বড়াদাম নামক গ্রামের দিকে নিয়ে যায়। এখনো তাদের কাউকে ছেড়ে দেয়া হয়নি।’