রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় ষাটোর্ধ এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের উকাইন্দা শিশু সদনের পরিত্যক্ত টয়লেট থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত বৌদ্ধ ভিক্ষু বেতবুনিয়া ইউনিয়নের গজালিয়া এলাকার মৃত চাইঞোরী মারমার ছেলে অংহ্লা প্রু মারমা (৬০)। তিনি দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে এলাকার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে অবস্থান করছেন।
পুলিশ জানিয়েছে, শিশু সদনটির পরিত্যক্ত টয়লেট থেকে দুর্গন্ধ বের হলে ভেন্টিলেটর দিয়ে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে পেয়ে পুলিশে খবর দেন। পরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজার নেতৃত্বে টয়লেটের দরজা ভেঙে দড়িতে ঝুলা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, প্রায় সপ্তাহ খানেক আগে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উদ্দিন জানিয়েছেন, ‘সোমবার সকালে লাশের ময়নাতদন্ত জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’