বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের প্রয়াত ১৪৩ম বোমাং সার্কেল চিফ রাজা মংশৈপ্রু চৌধুরীর স্ত্রী ছোট রাণীমাতা মাশৈনু আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ থাকার পর ২৮ জুলাই (বুধবার) সকাল সাড়ে ৮টায় বান্দরবান সদরের পুরাতন রাজবাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
রাজপরিবার সূত্রে জানা গেছে, রাণীমাতা মাশৈনু এর প্রথম পুত্র নুমংপ্রু চৌধুরী বান্দরবানের বোমাং সার্কেলের ৩৪৮নং হ্লাপাই ক্ষ্যং মৌজার হেডম্যান (মৌজা প্রধান) আর দ্বিতীয় পুত্র নুশৈপ্রু চৌধুরী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। পরিবারের সকলের সিদ্ধান্তক্রমে পরর্বতীতে সময় নির্ধারণ করে রানীমাতার শেষকৃত্য অনুষ্টিত হবে।
এদিকে লকডাউন আর করোনাকালীন সময়ে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ থাকার রাজবাড়ীতে রানী মাতার মৃত্যুতে রাজপরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাণীমাতা মাশৈনু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিরা ।
