প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রোববার কাপ্তাই এর ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হলো ৩০৬ টি বিভিন্ন প্রজাতির চারা। উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে উপজেলা পর্যায়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার। এই সময় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তারসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এদিকে কর্মসূচির অংশ হিসাবে রাইখালি ইউনিয়ন পর্যায়ের রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা গাছ রোপণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস। এই সময় স্কুলের প্রধান শিক্ষক তপন কান্তি দে, পরিচালনা কমিটির সভাপতি অজয় সেনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসাবে চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। প্রধান শিক্ষক নেলী বড়ুয়া কর্মসূচির উদ্বোধন করেন।
কাপ্তাই বিএফআইডিসির প্রধান শিক্ষক মো: ইউসুফ, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুচাইন মার্মা এবং সাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা তঞ্চঙ্গ্যা জানান, তাদের ইউনিয়নের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারা একটি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগায়।
