নিজস্ব প্রতিবেদক ॥
বিস্ফোরক দ্রব্য মামলায় রাঙামাটিতে জেএমবি সদস্য শামীম মির্জা গালিবকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে রাঙামাটি জেলায় যুগ্ম জজ। সোমবার দুপুরে এ রায় দেন জেলা যুগ্ম জজ মোহাম্মদ জাহেদ সাইফুল এলাহী। এ রায়কে কেন্দ্র করে সকাল থেকে রাঙামাটি জেলা দায়রা জজ আদালত চত্বর কঠোর নিরাপত্তা জোরদার করে রাঙামাটি পুলিশ।
দীর্ঘ এক ঘন্টার শুনানি শেষে জেলা যুগ্ম জজ মোহাম্মদ জাহেদ সাইফুল এলাহী সকল তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে সোমবার আদালতে রাঙামাটির হোটেল ডিগনিটিতে বিস্ফোরণ ঘটনায় মামলার রায় দেন। দীর্ঘ ২০ বিশ বছর ধরে চলা এ মামলায় সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। এ মামালার আসামি ইতিমধ্যে ১৫ বছরের অধিক ধরে জেলে ছিলেন। বর্তমানে তাকে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে।
রাঙামাটি জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রফিকুল ইসলাম বলেন, আদালতে সন্দেহাতিতভাবে প্রমাণিত হয়েছে বিস্ফোরণ ঘটনায় শামীম মির্জা গালিব জড়িত ছিলেন। ইতিমধ্যে তিনি ১৫ বছরের অধিক জেলে ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে রাঙামাটি শহরের ডিগনিটি হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ মামলায় একমাত্র আসামি ছিলেন শামীম মির্জা গালিব।
