সৈকত বাবু
রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে’র রাজনৈতিক ভাগ্য নির্ধারন হবে আজ। রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভায় তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীর সাথে সাংবাদিকদের সাথে ৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মুছা মাতব্বর এ কথা জানান।
মুছা মাতব্বর বলেন, অমরের বিষয়ে ইতোমধ্যে আমাদের সভায় আলোচনা হয়েছে। আমরা ৬ ফেব্রুয়ারী জেলা আওয়ামীলীগের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে তাকে দল থেকে বহিস্কার করা হবে কিনা বা দলে রাখা হবে কিনা সেটা সিদ্ধান্ত হবে। সন্ধ্যা সাতটা নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলে তিনি জানান।
আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আকবর হোসেন চৌধুরীকে মনোনয়ন দেবার পরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল মার্কা নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন ত্যাগী নেতা হিসেবে পরিচিত জেলা আ:লীগের উপ প্রচার বিষয়ক সম্পাদক অমর কুমার দে। তিনি নিজেকে দলের বিদ্রোহী নয় বিকল্প প্রার্থী হিসেবে দাবী করছেন।
অমর কান্তি দে বলেন, আমি কোন অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবনা। দল বহিস্কার করলে করবে, আমি দলে করে ভাত খাই না। দলের নেতারা আমাকে বারবার কথা দিয়েও কথা রাখেন নাই, তাই কোন হুমকিতে নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই আসে না।
