ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারিকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের উপর উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের হামলা, মারধর ও লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লংগদু উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতারা জানান, গতকাল (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হোসেন আলী ও মারধরের শিকার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন কথা বলছিলেন। এ সময় উপজেলা পরিষদ থেকে বের হয়ে চেয়ারম্যান আব্দুল বারেক সরকার অতর্কিত হামলা করেন বেলালের উপর। কিল ঘুষি মারাসহ পায়ের জুতা দিয়ে পেটাতে শুরু করেন। আহত বেলালের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। বর্তমানে আহত বেলাল হোসেন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বারেক সরকার উপজেলা আওয়ামীলীগের সভাপতি থাকাকালীন আওয়ামী পরিবারের অনেক নেতাকর্মীকে মারধার ও লাঞ্চিত করেছেন। লংগদু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বাবুলের উপর হামলা করলে তারা জীবন বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে প্রাণ রক্ষা করেন। এরপর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সরোয়ার হোসেন মিলনকে লাঞ্চিত করেন। আব্দুল বারেক সরকার উপজেলা পরিষদ কার্যালয়ে বিচারের নামে নিরীহ মানুষকে মারধরের কারণে আদালতে মামলা হয়েছিল। তখন সেই মামলার বাদী মোহাম্মদ জালাল হোসেনের হাতে পায়ে ধরে মামলা নিষ্পত্তি করেন।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইনীমূখ ইউনিয়নে চেয়ারম্যান পদে নিজের ছেলে এরশাদ সরকারকে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী করায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি পান। আমরা এই অব্যাহতি আদেশকে স্থায়ী বহিস্কারের দাবী জানাই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটারকছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম, উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহসভাপতি আব্দুল আলী, হোসেন আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক ছালাম খা, লংগদু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মন্তাজ উদ্দিন, সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ, ভাসান্যাদম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তানিয়া আফরোজ হাওয়াসহ উপজেলা ও ইউনিয়ন শাখা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
