নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে চা শিল্পের উন্নয়নে চা চাষীদের কাঁচা চা পাতা সংরক্ষণের সুবিধার্থে লীফ কালেকশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান সদরের চিম্বুক সড়কের শ্যারণ পাড়া এলাকায় সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন আনুষ্ঠানিকভাবে এটির উদ্ধোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, সেনা জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফিসহ সেনাবাহিনী, চা বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় চা চাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন বলেন, এই লীফ কালেকশন সেন্টার ক্ষুদ্র চা চাষীদের দারিদ্র্য বিমোচনে সহায়ক হিসেবে কাজ করবে। সম্প্রীতি লীফ কালেকশন সেন্টার স্থাপনের মাধ্যমে এখানকার চাষীরা কাঁচা চা পাতা সংরক্ষণের সুবিধা পেয়ে উপকৃত হবে। চা পাতা সঠিকভাবে সংরক্ষণের ফলে চা পাতার গুনগত মান ভাল থাকবে, এতে কারখানায় ভালো মানের চা উৎপাদন হবে। চা চাষের ফলে এখানকার চাষীদের জীবনমান আরও উন্নত হবে।
পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সেনাবাহিনী সব সময় পাশে আছে এবং থাকবে বলেও জানান তিনি।
