নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে সরকারিভাবে খোলা বাজারের ন্যায্যমূল্যের চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে সরকারি খাদ্য অধিদপ্তরের চাল কালো বাজারে বিক্রির জন্য দোকানে মজুদ রাখায় এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রশাসন ও খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য অধিদপ্তর পরিচালিত ‘খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ উপস্থিত ছিলেন।
অপরদিকে সরকারি চাল অবৈধভাবে দোকানে মজুদ রেখে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাজিয়া আফরোজ। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মধু দাশ। তিনি জেলা সদরের ক্যায়াং মোড় এলাকার বাপ্পা স্টোরের মালিক। এসময় দোকান থেকে ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। আরও ৬ বস্তা চাল লোকজনদের অতিরিক্ত দামে বিক্রির কথা স্বীকার করেছেন ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে সরকারি ওএমএস ডিলারদের কারো কাছ থেকে তিনি চালগুলো অবৈধভাবে সংগ্রহ করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী কর্মকর্তা ইউএনও সাজিয়া আফরোজ বলেন, সরকারি চাল অবৈধভাবে মজুদ করায় এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
