হেফাজত সবুজ
রাঙামাটিতে যাত্রী সেবার মানোন্নয়ন এবং পর্যটকের যাতায়াত সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক আনোয়ার মিয়া বানু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি আব্দুল ওয়াদুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মুন্না, চেম্বার পরিচালক মো. নিজাম উদ্দিন, রাঙামাটি বাস মালিক সমিতির মঈনুদ্দিন সেলিম, নবগঠিত রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথসহ গণমাধ্যমকর্মীরা।
সভায় জানানো হয়, রাঙামাটি হতে কক্সবাজার পর্যন্ত ৪টি বিলাসবহুল এসি/নন এসিবাস সার্ভিস চালুর প্রস্তাব আছে। সেগুলো চালুর উদ্যোগ নেয়া হবে। তবে এসব গাড়ি রাঙামাটি থেকে বান্দরবান হয়ে কক্সবাজার যাতায়াত করবে।
এসময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমরা আলাদা জেলা হওয়া শর্তেও রাউজান বাস মালিকদের কাছে জিম্মি হয়ে আছি। এরা রাঙামাটি চট্টগ্রাম সড়কে ভালো গাড়ি দিচ্ছে না। এখনো সেই মান্দাতার আমলের গাড়িতে যাত্রী পরিবহণ করে যাচ্ছে। অথচ নতুন কোন কোম্পানী এই লাইনে গাড়ি আনতে চাইলেই রাউজান সমিতিকে ৫ লাখ টাকা ফি দিতে হবে। এনিয়ম আমরা মানিনা, সারাদেশে যেভাবে বাস চলে সেভাবেই এখানেও চালতে হবে। তাদের পক্ষে যারা কথা বলেন, তারা একবার ভেবে দেখবেন, আপনারা জনপ্রতিনিধি হয়ে জনগণের সাথে প্রতারণা করবে না। রাঙামিিটর মানুষ সহজ সরল, কিন্তু উল্টে গেলে তাদের নিয়ন্ত্রন করাও কঠিন।’
রাঙামাটি বাস মালিক সমিতির নেতা মঈনুদ্দিন সেলিম বলেন, ‘রাঙামাটি বাস মালিক সমিতির জন্য বরাদ্দকৃত জায়গা যাত্রীদের কল্যাণে ব্যবহার না করে সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান করে ভাড়া দিয়ে প্রতি মাসে ২-৩ লাখ টাকা নিয়ে যাচ্ছে রাউজান বাস মালিক সমিতি, এটা চরম অন্যায়।’
রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মুন্না বলেন, ‘আমরা এত দিন নিরব ছিলাম, যাত্রী সেবা নিয়ে তামাশা দেখেছি। এখন আমরা রাজপথে নামবো, আমাদের অভিবাবক দীপংকর তালুকদার এমপি মহোদয় এ সমস্যা সমাধানের জন্য চিংকিউ রোয়াজার নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন, সে কমিটি কি করেছেন তা এখনো আমরা জানিনা। আমরা সহসা দীপংকর দার সাথে দেখা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’
