বাঘাইছড়ি প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দুই শতক জমি সহ নতুন ঘর পাচ্ছে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৯০টি অসহায় পরিবার। রবিবার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বাঘাইছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯০টি ঘর তৈরির কাজ সম্পন্ন করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।
এছাড়াও প্রতিটি ঘরের সাথে বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য একটি করে গভীর নলকূপ, এক হাজার লিটার টাংকি, সাবমার্সেবল পাম্প, বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, বাড়িতে যাওয়ার সড়ক তৈরির পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থাও করা হয়েছে।
আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের শুভ উদ্বোধন করবেন এবং উপকার ভোগী পরিবারের মাঝে হস্তান্তর করবেন বলে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, বাঘাইছড়িতে তিন ধাপে এরই মধ্যে ২৫০টি পরিবার এমন নতুন ঘর পেয়েছেন। আগামীতেও ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর তৈরির তালিকা তৈরি কাজ চলমান রয়েছে।
