বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বাঘাইছড়ি উপজেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আপনাদের সকলের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর সবসময় রয়েছে, আপনাদের ক্ষয়ক্ষতির চিত্র মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। প্রাথমিক পর্যায়ে আমরা এইটুকু করেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন। তালিকা তৈরি হলেই সবাই সহায়তা পাবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খানসহ ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও মেম্বারগণ।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বাঘাইছড়িতে হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়া ও বজ্রপাতে একজন নিহত হয় এবং মসজিদসহ অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
