রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে এক ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত উদয় বিকাশ চাকমা আমাদের গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা এবং বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি।
বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে উপজেলার বঙ্গলতলি স্কুলের পাশে নিজ বাসা থেকে বের হওয়ার সময় মোটর সাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তাকে ধাওয়া করে গুলি করে হত্যা করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত উদয় বিকাশ চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর স্থানীয় সমন্বয়ক এবং তার হত্যাকান্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএনলারমা)কে দায়ি করেছে তার সংগঠন ইউপিডিএফ।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল মঞ্জুর জানিয়েছেন, আমরা জেনেছি বঙ্গলতলি এলাকায় উদয় বিকাশ চাকমা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে,সে ইউপিডিএফ এর রাজনীতির সাথে জড়িত এবং যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তারা জনসংহতি সমিতি(এমএনলারমা)’র সাথে জড়িত। পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখান থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ইউপিডিএফ মুখপত্র মাইকেল চাকমা জানিয়েছেন, নিহত উদয় বিকাশ চাকমা আমাদের গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা ও এবং বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি। সে ওই এলাকার সাবেক ইউপি সদস্যও। তার নিজের এলাকায় সে ভীষণ জনপ্রিয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আগেই তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে এবং ওই এলাকায় নিজেদের নিয়ন্ত্রন নিতেই এই হত্যাকান্ডটি ঘটিয়েছে চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা’র দল জনসংহতি সমিতি(এমএনলারমা)।’ মাইকেল চাকমা অভিযোগ করেছেন, দুটি মোটর সাইকেলে করে আসা চারজন সশস্ত্র সন্ত্রাসী উদয়কে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা সবাই জনসংহতি সমিতি(এমএনলারমা)র বলেও দাবি তার।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা)র কেন্দ্রীয় নেতা ও বাঘাইছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা হত্যাকান্ডের সাথে তার দলের সম্পৃক্ততা অস্বীকার করে বলেছেন, বঙ্গলতলি এলাকাটিতে আমাদের কোন সাংগঠনিক কার্যক্রমও নেই। সেটি একেবারেই ইউপিডিএফ ও সন্তুর জেএসএস এর নিয়ন্ত্রিত এলাকা। তাদের নিজেদের মধ্যকার বিরোধে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা তাদের পুরনো অভ্যাস। হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয় আমাদের দল।’
প্রসঙ্গত, আগামী ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে,যাতে অংশ নিচ্ছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুটি অংশের দুই প্রভাবশালী নেতা। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির নেতা ,বর্তমান উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমার মুখোমুখি হয়েছেন সুধাসিন্ধু খীসার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির প্রভাবশালী নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। ইউপিডিএফ এর বিভক্ত দুটি অংশও দুই প্রার্থীকে সমর্থন দিচ্ছে। প্রসীত খীসার ইউপিডিএফ সমর্থন দিচ্ছে বড়ঋষি চাকমাকে এবং তপনজ্যোতি চাকমা বর্মার অনুসারি ইউপিডিএফ সমর্থন দিচ্ছে সুদর্শন চাকমাকে।
