সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা উপলক্ষে রাঙামাটিতে ইসকন ও গৌর নিতাই আশ্রমের উদ্যোগে নানান মাঙ্গলিক আাচার-অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের রাঙ্গাপানি এলাকা থেকে রাধা রাসবিহারী মন্দির থেকে রথযাত্রা উৎসব শুরু হয়। রথযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা ইসকন মন্দিরে এসে শেষ হয়। আগামী নয়দিন এই মন্দিরে নানান আনুষ্ঠানিকতা শেষে ১২ জুলাই শুক্রবার পুনরায় রাঙ্গাপানি রাধা রাসবিহারী মন্দিরে রথযাত্রার মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
অন্যদিকে শহরের মাঝেরবস্তির এলাকার গৌর নিতাই আশ্রম থেমে বৃহস্পতিবার দুপুরে আরেকটি রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি পুরাতন বাস স্ট্যান্ড হয়ে রিজার্ভ বাজার শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে গিয়ে শেষ হয়। নয় দিনের আনুষ্ঠানিকতা সেরে আগামী শুক্রবার পুনরায় গীতাশ্রম মন্দির থেকে গৌর নিতাই আশ্রমে রথযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এসময় মন্দিরে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়। উভয় রথযাত্রা অনুষ্ঠানে বিপুল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
রথযাত্রা উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে হাজারো মানুষের ঢল লামে। ভিন্ন ভিন্ন সাজে অংশ নেয় তরুণ তরুণীরা। কিছু সময়ের জন্য সীমিত হয় গাড়ি চলাচল। রথযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।
