নিজস্ব প্রতিবেদক ॥
বরকল উপজেলা পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী আইন সংক্রান্ত সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা। উপজেলা পরিচালন ও উন্নয়ন স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার সহায়তায় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে বরকল উপজেলা আইন শৃঙ্খলা কমিটি।
প্রশিক্ষণ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিচালন ও উন্নয়ন জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।
বরকল উপজেলার ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি ও সমাজের গণমান্য ব্যক্তিদের বিভিন্ন আইন সংক্রান্ত সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার আইন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইন বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলি রানী ঘোষ, বরকল থানার উপ পরিদর্শক অভি গুপ্ত।
